শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মনোযোগ বাড়ানো, ক্যাম্পাসে শৃঙ্খলা নিশ্চিত এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত ইউনিফর্ম ছাড়া কলেজ ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। আগামী ৪ অক্টোবর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে স্মার্টফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে কলেজের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে ক্যাম্পাসে আসতে হবে। ইউনিফর্ম ছাড়া কিংবা সঙ্গে স্মার্টফোন নিয়ে এলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
নির্দেশনা অমান্য করলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ার পাশাপাশি ক্যাম্পাসে শৃঙ্খলা আরও জোরদার হবে বলে মনে করছেন শিক্ষকরা। তাঁদের মতে, শ্রেণিকক্ষে স্মার্টফোনের ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে। তাই পাঠদানের পরিবেশ স্বাভাবিক রাখতে স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস বলেন, স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করা হলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠের প্রতি আরও মনোযোগী হবে। একই সঙ্গে ইউনিফর্মের বাধ্যবাধকতা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি বজায় রাখতে সহায়ক হবে। কলেজের সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করছি।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হাসান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং কলেজে সুন্দর একাডেমিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মার্টফোনের কারণে যাতে শ্রেণিকক্ষে পাঠদানে বিঘ্ন না ঘটে, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত ইউনিফর্ম শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও পরিচয়কে আরও সুস্পষ্ট করে। আশা করি, শিক্ষার্থীরা বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করবে এবং কলেজের নিয়ম মেনে চলবে।
Bzamin24 News | সত্যের সন্ধানে সারাক্ষণ