আলফাডাঙ্গায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া, মাঠজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস


উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরের খেলার মাঠ দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলায় পরিণত হয়।

সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) এ কে এম রায়হানুর রহমান।

প্রতিযোগিতায় উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাঁতার, দাবা, কাবাডি ও হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের দক্ষতা, শৃঙ্খলা ও জয়ের প্রত্যয় ছিল চোখে পড়ার মতো। শিক্ষক ও সহপাঠীদের উৎসাহে পুরো মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য।

বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি তাদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত হয় এবং তারা আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে ওঠে।

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com