ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামে সংঘর্ষে নিহত যুবক সুমন শেখের (৩০) বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লা।
সেখানে তিনি নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সান্ত্বনা দেন। একই সঙ্গে সুমন শেখ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন।
এ সময় এমপি ড. ইলিয়াস মোল্লা এলাকাবাসীর প্রতি ধৈর্য ধারণ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।
এ সফরে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলফাডাঙ্গা উপজেলা আমীর মাওলানা মু. কামাল হুসাইন, উপজেলা নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এস. এম. রিদওয়ানুন্নবী রেদওয়ান, উপজেলা সেক্রেটারি এস. এম. হাফিজুর রহমানসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২৬ জুন সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সুমন শেখের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা সুমন শেখকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।