সদরপুরে হাত-পা বাঁধা অবস্থায় পাটক্ষেত থেকে যুবক উদ্ধার


ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে শাহিন (পিতা: মালো) নামে এক যুবককে হাত-পা বাঁধা অবস্থায় একটি পাটক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে দুর্বৃত্তরা শাহিনকে হাত-পা বেঁধে একটি পাটক্ষেতে ফেলে রেখে যায়। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তার গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার সঙ্গে রাসেল মৃধা (পিতা: লোকমান মৃধা) এবং আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযোগে নাম থাকা রাসেল মৃধার বাড়ি তালাবদ্ধ ছিল। পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হাট কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস মিয়া বলেন, "অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com