ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাছের পুকুরে চুরি ঠেকাতে দেওয়া অরক্ষিত বিদ্যুৎ সংযোগের জিআই (গ্যালভানাইজড আয়রন) তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন বিশ্বাস (৩৫) রাজাপুর গ্রামের লাকু বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক হলেও কৃষিকাজও করতেন। তার দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের একটি মাছের পুকুরে চুরি ঠেকাতে রাতের বেলা আলো জ্বালানোর জন্য বাঁশের খুঁটির সঙ্গে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। খুঁটি স্থির রাখতে চারপাশে জিআই তার টাঙানো ছিল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই জিআই তার বিদ্যুতায়িত অবস্থায় ছিল।
বৃহস্পতিবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন মামুন বিশ্বাস। ঘাস কেটে ফেরার পথে পুকুরপাড়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতায়িত জিআই তার তার পায়ে জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, একই বিদ্যুতায়িত জিআই তারে গত এক মাসে তিনটি কুকুর মারা গেলেও এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে সেই অবহেলার বলি হলেন একজন মানুষ।
নিহতের বড় ভাই রুবেল বিশ্বাস বলেন, আমার ভাই গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। ফেরার পথে পুকুরপাড়ে বিদ্যুতায়িত জিআই তারে পা জড়িয়ে তার মৃত্যু হয়। আগেও একই তারে তিনটি কুকুর মারা গেছে। তারপরও কেউ ব্যবস্থা নেয়নি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
পুকুরের মালিক জাহিদুল শিকদার বলেন, পুকুরটি লিজ দেওয়া ছিল। লিজগ্রহীতারা কীভাবে বিদ্যুতের সংযোগ দিয়েছেন, তা আমার জানা ছিল না। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
অন্যদিকে পুকুরের লিজগ্রহীতা জানান, রাতে আলো জ্বালানোর জন্য বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল এবং সকালে তা খুলে ফেলার কথা ছিল। অসাবধানতাবশত সেদিন সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি, অথবা অন্য কোনো কারণে জিআই তারে বিদ্যুৎ চলে এসেছে বলে তিনি ধারণা করছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।