ভাঙ্গায় কৃষকের ছদ্মবেশে ধরা পড়লো পলাতক ডাকাত


ফরিদপুরের ভাঙ্গায় কৃষকের ছদ্মবেশে কাওছার শেখ (৩৫) নামের এক পলাতক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশের এ,এস,আই আতাউর রহমান।

খালি গায়ে গামছা পরে ফসলের মাঠ থেকে এ,এস,আই আতাউর কৃষকের ছদ্মবেশ ধরে ডাকাতকে গ্রেফতার করায় প্রশংসায় ভাসছেন তিনি। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত ডাকাতকে ফরিদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে হাসামদিয়া মাঠ থেকে তাকে গ্রেফতার করে রাত ১১টার দিকে দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতারের বর্ণনা মিডিয়ার সামনে তুলে ধরেন পুলিশের এ,এস,আই আতাউর রহমান।

গ্রেফতারকৃত ডাকাতের বাড়ি ভাঙ্গা উপজেলার পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের পুত্র।

থানা সুত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার পৌরসভা ও হাইওয়ে এক্সপ্রেস সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করতো কাওসার। তার বিরুদ্ধে ভাঙ্গা পৌর এলাকার একটি ডাকাতি মামলায় দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।

এরআগে কাওছারের বিরুদ্ধে ভাঙ্গা থানায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। যাহা ভাঙ্গা থানা মামলা নং-০৫, জিআর-৩২৪/২৪, তাং-০৪/০৯/২০২৪, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড।

উক্ত ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল ডাকাত কাউছার শেখ।

এ বিষয় ভাঙ্গা থানায় কর্মরত এ,এস আই মো. আতাউর রহমান বলেন, ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমানের নির্দেশে কাওছার ডাকাতকে গ্রেফতারে অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার হাসামদিয়া ফসলের মাঠ থেকে কৃষকের ছদ্মবেশ ধরে কাওছারকে গ্রেফতার করতে সক্ষম হই।

কাওছার দীর্ঘদিন ধরে একটি ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com