ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম।
তিনি জানান, কোতয়ালী থানা এলাকার একটি ইজিবাইক চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে পর্যায়ক্রমে অন্যদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি করে যন্ত্রাংশ আলাদা, রং পরিবর্তন ও নম্বর বিকৃত করে বিক্রি করত।
পুলিশের অভিযানে ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী, কোতয়ালী থানা এলাকা ছাড়াও শরীয়তপুর ও মাগুরা থেকে মোট ১৮টি চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়। এর মধ্যে ১৩টি সচল ও ৫টি অচল। এছাড়া যন্ত্রাংশ ও কাটার মেশিন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোজাম্মেল মণ্ডল, ইলিয়াস হোসেন, আবুল হোসেন মোল্লা, তানভীর শেখ, আওয়াল বিশ্বাস, বদিউজ্জামান মোল্লা, মৃদুল, মিলন খান, মোঃ আশরাফ, শহীদ শিকদার, জুয়েল রানা ও রনি মিয়া। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।