ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুলকে সমর্থন জানিয়ে সদরপুরে কয়েকশ মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব প্রবাসী মো. সুমন বেপারীর উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, জুম্মার নামাজ শেষে সুমন বেপারীর বাড়িতে মধ্যাহ্নভোজের পর বাবুলের পক্ষে ভোট প্রার্থনা ও নির্বাচনী প্রচারণা হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি সুমন বেপারীর চাচা বাচ্চু বেপারীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে ঢেউখালী ইউনিয়নের প্রায় তিন শতাধিক এলাকার যুবক অংশগ্রহণ করেন। মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ বিষয়ে প্রবাসী সুমন বেপারী বলেন, আমি প্রবাসে অবস্থান করলেও বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের পক্ষে নির্বাচনের মাঠে আমার কর্মীদের মাধ্যমে কাজ করে যাচ্ছি। আশা করি তিনি বিজয়ী হলে ফরিদপুর-৪ আসনে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি ভোটারদের কাছে বিএনপি প্রার্থী বাবুলের পক্ষে ভোট ও সমর্থন কামনা করছেন।