ভাঙ্গায় জামায়াতের নেতাকে কুপিয়ে জখম


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকায় নূর আলম মুন্সী নামে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গাঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। আহত নূর আলম আজিমনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর আলম মুন্সী জানান, সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে জামায়াতের মালিগ্রাম অফিসের উদ্দেশে রওনা দেন।

পথে তারাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তারা অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে এলে স্থানীয়দের সহায়তায় তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com