ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা আদর্শ কলেজে স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়নসহ চারতলা ভিত্তিসহ একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্বাচিত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ/সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ কাজটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির অনুমোদিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং নির্ধারিত সময় ৩৬৫ দিন।
রবিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, এই একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে আলফাডাঙ্গা আদর্শ কলেজের শিক্ষা কার্যক্রমে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। আধুনিক ও মানসম্মত অবকাঠামো গড়ে উঠলে শিক্ষার্থীরা আরও সুন্দর ও অনুকূল পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এ জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন স্বাক্ষরিত কার্যাদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।