সদরপুরে নিষিদ্ধ সংগঠনের নেতা আটক, আদালতে সোপর্দ


ফরিদপুরের সদরপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মহসিন বেপারী (৩৮)।

পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে সদরপুর উপজেলার জাজিরাকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মহসিন বেপারী সরোয়ার বেপারীর ছেলে।

আটকের পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় তাকে সদরপুর থানায় দায়ের করা একটি ভাংচুর মামলায় জড়িত থাকার অভিযোগে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়। মামলাটি গত ৫ আগস্ট ২০২৪ তারিখে সংঘটিত সদরপুর থানা ভাংচুরের ঘটনায় দায়ের করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী সদরপুর থানা মামলা নং৩/১৫০, তারিখ ১৭-০৮-২০২৪। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/১৮৬/৩৩২/৪৩৫/৪৩৬/৩০৭/৩৭৯/৩৮০/৩৫৩/৪২৭/৫০৬(২)/৩৪ ধারাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারা অন্তর্ভুক্ত রয়েছে।

সদরপুর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার তদন্তের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com