আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা


মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান, আলফাডাঙ্গা থানার ওসি আবুল হাসনাত খান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এই দিনটি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।


Copyright (c) 2019-2026 bzamin24.com