মাত্র সাত বছরের শিশু জায়ানের নির্মম হত্যাকাণ্ড আজও ভোলেনি ফরিদপুরের আলফাডাঙ্গার মানুষ। সেই শোক ও ক্ষোভ থেকেই চতুর্থবারের মতো আবারও রাস্তায় নেমে আসে বিভিন্ন শ্রেণির পেশাজীবী। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিকেলে বানা উচ্চ বিদ্যালয়সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন স্কুলকলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সবার হাতে ছিল জায়ানের হত্যার বিচার চাই, দোষীদের দ্রুত গ্রেফতার করুন, শিশুর নিরাপত্তা নিশ্চিত হোকএমন বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বক্তারা বলেন, মাত্র সাত বছরের এক শিশুকে যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এটি শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের নিরাপত্তার প্রশ্ন।
স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সব আসামি গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। তারা জানান, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
শিশু জায়ান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সুজন বিশ্বাস জানান, এটি অত্যন্ত সংবেদনশীল মামলা। ঘটনার পর থেকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। কয়েকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে টিম কাজ করছে। কেউই আইনের বাইরে থাকবে না।
আলফাডাঙ্গা থানার নবযোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, আমি সদ্য দায়িত্ব নিয়েছি। বিষয়টি এখনও পুরোপুরি দেখিনি। তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বললেই ভালো তথ্য পাওয়া যাবে।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ আশা প্রকাশ করেনজায়ান হত্যার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার বাস্তবায়িত হবে।