গণঅভ্যুত্থান দিবসে এনসিপি আলফাডাঙ্গা শাখার দোয়া ও আলোচনা সভা


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ৫ আগস্ট) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আলফাডাঙ্গা শাখার উদ্যোগে সাবেক পরিবহন স্ট্যান্ড কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে দলটির শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি, আলফাডাঙ্গা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাওলানা তামিম আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, "গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনে আমাদের পূর্বসূরীরা দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যে আত্মত্যাগ করেছেন, তা আমরা কখনোই ভুলব না।" তিনি আরও বলেন, "শহীদদের স্বপ্ন ছিল একটি সমৃদ্ধ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার। তাদের সেই স্বপ্ন পূরণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।"

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দলের গুরুত্বপূর্ণ নেতা আরিফুজ্জামান হেলাল এবং মিলন মোল্লাসহ অনেকে। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতারা বলেন, দেশের উন্নয়নে এবং জনগণের কল্যাণে এনসিপি সর্বদা পাশে থাকবে।

আলোচনা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শহীদদের আত্মার শান্তি এবং গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এই আয়োজনটি স্থানীয় নেতাকর্মী ও জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


Copyright (c) 2019-2026 bzamin24.com