ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুরিয়া গ্রামে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয়েছে মো. আলামিন(২৬) নামে এক ব্যক্তিকে। ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
রবিবার (৩ আগস্ট, ২০২৫) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাহানুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকুরিয়া গ্রামে আলামিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাহানুর রহমান বলেন, 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় মাদকদ্রব্য বহনের অপরাধে তাকে এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।'
আসামি আলামিনকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।