ফরিদপুরের সদরপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ মে) দিবাগত রাত ২ টার দিকে পুলিশ এবং সেনাবাহিনী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি ও ঠেঙ্গামারী গ্রামে এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে থানায় হামলা ও সরকারি অস্ত্র লুট মামলায় ১১ জন, ডাকাতি মামলায় ২ ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি রয়েছে বলে জানিয়েছে সদরপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাজাহান শেখ (৫৭), মো. সায়েম শেখ (৪৫), রনি শেখ (২০), শারীম শেখ (২১), আইয়ুব ফকির (৫৩), কামাল বেপারী (৪০), মুদধ ফকির (২০), বায়েছিদ ফকির (২৫), হাকিছুল শেখ (২২), বাবু ফকির (৫৫), মো. শুকুর বেপারী (৭০)।
রোববার (১৮ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে ।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, গত ৫ আগস্ট সদরপুর থানায় সংঘটিত হামলা ও সরকারি অস্ত্র লুট, ডাকাতি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃত অধিকাংশের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় সন্দেহভাজনদের বাড়ি ঘিরে ফেলা হয় এবং কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়।