আলফাডাঙ্গা সংঘবদ্ধ অপরাধ চক্রের চার সদস্য আটক  


ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহমেদের ছেলেসহ ঘটনার সাথে জড়িত সন্দেহে সংঘবদ্ধ অপরাধ চক্রের চার সদস্যকে আটক করেছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন পুলিশ।

সেনাবাহিনী এবং পুলিশের যৌথ একটি বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা এবংলাইসেন্স বিহীন ২টি মোটরসাইকেল উদ্ধারসহ চার অপরাধচক্রের সদস্যদেরকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন -উপজেলার ধুলজুড়ি গ্রামের বাসিন্দা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিনের ছেলে শাকিল আহমেদ (৩৮)। একই গ্রামের বাসিন্দা মো.আবু সাইদ শেখের ছেলে সোহাগ (২২),নিজামুদ্দিনের ছেলে মো.বরকত আহমেদ( ২৫), হাবিবুর রহমানের ছেলে জাহিদ শেখ (৪০)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চিরুনি অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ধুলজুড়ি এলাকা থেকে তাদের আটক করেন।

প্রসঙ্গ : আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরসহ একই গ্রামের পাঁচটি স্থানে ভয়াবহ আগুন লাগিয়ে পালিয়ে যায় সঙ্ঘবদ্ধ এ দুর্বৃত্তরা। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসী। উপজেলার ধুলজুড়ি গ্রামে অবস্থিত সার্বজনীন দুর্গা মন্দিরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মন্দিরের কালি ও শিব প্রতিমার অধিকাংশ পুড়ে গেছে।

একইসময়ে মন্দিরের পাশেই সুজন সরকারের গোয়ালঘর, দেবাশীষ রায়ের করাতকল, জাহিদ শেখের রান্নাঘর ও আকবার মোল্যার রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় এ দুর্বৃত্তরা। এ সময় আগুন দেখে লোকজন ঘর থেকে বেরিয়ে এসে নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান। তবে আগুনে তাদের নানা ধরনের মালামাল পুড়ে যায়।এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পায় গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ি।

এ বিষয়ে বোয়ালমারী আর্মি ক্যাম্পের কমান্ডার ফাহিম হাসলায়েন বলেন, অগ্নিকাণ্ডের সাথে জড়িত সন্দেহে বিশেষ অভিযান চালিয়ে চার অপরাধচক্রের সদস্যদেরকে আটক করেছি।একই সাথে দেশীয় অস্ত্র, ইয়াবা এবংলাইসেন্স বিহীন ২টি মোটরসাইকেল উদ্ধার করেছি।

জানতে চাইলে, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশীদ বলেন, পাঁচটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করার পর আজ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অগ্নিসংযোগ , দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ইয়াবা থাকার অপরাধে পৃথক পৃথক তিনটি মামলা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com