ভাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার 


ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের নাগপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে হাসিব মোল্লা (১৮) নামে একজন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার মধ্যে রাতে ওই শিক্ষার্থী নিজের শয়নকক্ষে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পুলিশ ও স্বজনেরা জানায়, চুমুরদী ইউনিয়নের নাগপাড়া গ্রামের মৃত লিটন মোল্লার পুত্র হাসিব মোল্লা ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। প্রতিদিনের মত পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের শয়ন কক্ষে চলে যায় হাসিব।

মা জেগে থাকায় রাত ১২টার দিকে ছেলের পড়ার কোন শব্দ না পাওয়ায় তার কক্ষের দিকে উকিঝুকি করেন মা বিউটি বেগম। কিন্তু পড়াশোনার কোন শব্দ না পাওয়ায় ছেলের ঘরের ঢুকতেই দেখেন ঘরের চালের রুয়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে আছে হাসিব।

তার চিৎকার শুনে বাড়ির লোকজন দ্রুত সেখানে ছুটে আসেন এবং মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এসএসসি পরীক্ষার্থী হাসিব মোল্লাকে। খবর পেয়ে পুলিশ হাসিব মোল্লার মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ধার করে।

এদিকে একজন পরীক্ষার্থীর মৃত্যুর খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়তেই পরিবার ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মা বিউটি বেগম বলেন, রাতের খাবার খেয়ে ছেলেটা পড়ার টেবিলে গেল। পড়ার কোন শব্দ না পেয়ে এগিয়ে গিয়ে দেখি ঘরের আড়ার সাথে বাবা আমার ঝুলে আছে। কিন্তু কি কারণে নিজের জীবন আত্মহুতি দিলো কিছুই বুঝে উঠতে পারছি না বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

ভাঙ্গা থানার ওসি তদন্ত ইন্দ্রজিত মল্লিক জানায়, হাসিব মোল্লা নামে এক যুবকের মৃতদেহ শনিবার সকালে উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com