লালমনিরহাটে বিয়ে করে বাড়ি ফেরার পথে বরের মৃত্যু


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিয়ে করে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে নববিবাহিত বর ও কনে উপজেলার তুষভান্ডার এলাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত জাহিদুল ইসলাম উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আত্মীয়-স্বজনসহ কনের বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয়। সন্ধ্যায় বর-যাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যায়। বিয়ে পড়ানো শেষে নববধূ নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে। পরে রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ বিষয়ে বলেন, নববিবাহিত যুবকের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর পুরো ঘটনা জানা যাবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com