ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় বাড়ি ভাংচুর লুটপাট আহত ১০


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আরামবাগ চরকান্দা গ্রামে আধিপত্য বিস্তার ঘটনায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর লুটপাট ও কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকেল থেকে শুরু হয়ে রাতের আঁধারে চলে হামলার ঘটনা। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।আহতরা হলো, আরামবাগ চর কান্দা গ্রামের ভুলু মোল্লার ছেলে মো. শামীম মোল্লা ও মো. শাহিন মোল্লা। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ভুলু মোল্লা ও রব মোল্লার মধ্যে দীর্ঘদিনের যাবত বিরোধ চলছিল। এক পক্ষ অন্য পক্ষকে ঘায়েল করতে সব সময় সুযোগ খুঁজতে হয়ে ওঠে মরিয়া।

শনিবার বিকেলে প্রতিপক্ষ রব মোল্লার লোকজন একজোট হয়ে অতর্কিতভাবে ভুলু মোল্লার বাড়িসহ তার পক্ষের বেশ কয়েকটি বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আরও জানায় কিছু দিন আগেও প্রতিপক্ষের লোকজন ভুলু মোল্লা গ্রুপের লোকজনের রাস্তার পাশের একটি দোকান ঘর আগুন জ্বালিয়ে ভষ্মীভূত করে।

কিন্তু তারা ন্যায্য বিচার না পাওয়ার রেশ কাটতে না কাটতেই ভুলু মোল্লা পরিবার ও গ্রাম্যদলের লোকজনের উপর ফের হামলার ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেনা বিরাজ করছে। গোটা এলাকায় পুলিশের নজরদারি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com