রাজবাড়ীর পাংশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে এস.এম আবু দারদা যোগদান করেছেন। আজ রোববার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় পাংশা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তার দায়িত্ব গ্রহণ করেন।
উপজেলায় যোগদানের সময় নবাগত এ ইউএনও-কে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ
এ সময় তিনি এক সাক্ষাতে বলেন, আমি সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। পাংশার মানুষকে নিয়ে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ার জন্য কাজ করব। আমার দরজা সবসময় খোলা থাকবে। যেকোন কাজে সবাই নির্দ্বিধায় আমার অফিসে আসতে পারবেন।
তিনি আরও বলেন, আমি যেহেতু এ উপজেলায় নতুন, তাই সব বিষয় জানতে ও বুঝতে আমার একটু সময় লাগবে। আমি সাংবাদিকসহ সকলের পরামর্শ ও মতামত নিয়ে কাজ করবো। সততার সাথে কাজ করতে আমি বদ্ধপরিকর। আমার পিতাও একজন প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা ছিলেন। তাই প্রশাসনিক ব্যাপারটি আমার ছোটবেলা থেকেই জানা।
এ সময় তিনি উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজ ও উপজেলা বাসির সহযোগিতা কামনা করেন।
জানা যায়, তিনি ৩৫ তম ব্যাচে প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। আগে ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার বাসিন্দা।