ফেসবুক পোস্টে কমেন্টের জেরে যুবক খুন


ফেসবুক পোস্টে কমেন্ট করা নিয়ে গোলযোগের সূত্র ধরে যশোরে আকাশ হোসেন (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহরের শংকরপুর বটতলা মসজিদ সংলগ্ন এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত আকাশ ওই এলাকার তোতা মিয়ার ছেলে।

নিহত আকাশের স্ত্রী জানান, ফেসবুকের একটি পোস্টে কমেন্ট করা নিয়ে একই এলাকার তানভীরের সঙ্গে আকাশের বিরোধ চলছিল। বিষয়টিকে কেন্দ্র করে তানভীর তার স্বামী আকাশকে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকিও দেয়। মঙ্গলবার রাতে তানভীর, সাব্বিরসহ ১০/১২ জন আকাশকে ফোন করে ডেকে নিয়ে মারধর ও ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, রাত একটা ৩৫ মিনিটে আকাশকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই আকাশ মারা যান। মরদেহের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। হত্যায় জড়িতদের নাম-পরিচয় জেনে তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com