রান্নাঘরে মা আর গাছে ঝুলছিল শিশুর মরদেহ


পাবনার চাটমোহরে মা ও তার শিশু ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে তাদের হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন- দিঘুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী লাবনী খাতুন (৩৫) ও তাদের সন্তান রিয়াদ হোসেন (৮)।

স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। জানামতে কারো সঙ্গে শত্রুতা ছিল না তাদের। কে বা কারা তাদের এভাবে হত্যা করেছে সেটা প্রশাসন ভালো বলতে পারবে।

স্থানীয় মেম্বার মো. নান্নু বলেন, ওই বাড়িতে ওই নারী, তার শিশু ছেলে ও শ্বাশুড়ি বসবাস করতেন। বাড়ির ভবন তৈরির কাজ চলছে। ধারণা করা হচ্ছে- কেউ হয়তো টাকা চুরি বা ডাকাতি করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। নারীর মরদেহ রান্না ঘরে পড়ে ছিল এবং ছেলেটির মরদেহ পাশের এক গাছে ঝুলছিল।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com