আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ (রাজৈর-সদর একাংশ) আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। নৌকার বাইরে গিয়ে কেউ কোনো কথা বললে তার গলা নামিয়ে দেওয়া হবে- এমন হুমকি দেওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জেলায় তিনটি আসনে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হকের স্বাক্ষরিত নোটিশ শুক্রবার আসিবুর রহমান খানের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিচারকের পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন।
নোটিশে আগামী রোববার বেলা ১১টায় অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীর হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আসিবুর রহমান খানের ২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিও দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। ভিডিওতে ভোটারদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়- নৌকার বাইরে যদি একজনও কোনোরকম কথা বলে, ইভেন গলা উঁচু করে কথা বলার চেষ্টা করে, আমি তাদের বলতে চাই- আপনাদের গলা আমরা কিভাবে নামাব, সেটা আমরা ভালো করেই জানি।
নোটিশ অনুযায়ী, এমন বক্তব্য জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮এর ১১(৫) ও ১২ বিধির পরিপন্থি। নির্বাচনের আগে এমন বক্তব্য নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে। বক্তব্য দিয়ে তিনি (আসিবুর রহমান খান) কী বোঝাতে চেয়েছেন বা এমন বক্তব্য কেন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবে না, সে বিষয়ে সশরীরে হাজির হয়ে রোববার বেলা ১১টার মধ্যে অনুসন্ধান কমিটির কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এ সম্পর্কে সহকারী রিটার্নিং ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নাননী খান বলেন, ওই ব্যক্তি (আসিবুর রহমান খান) মাদারীপুর-৩ আসনে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে ভিডিও চিত্রের সিডিসহ তথ্যপ্রমাণ পাঠানো হয়েছে। কমিটি বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।
সোমবার রাতে সদর উপজেলার খোঁয়াজপুরের টেকেরহাটে নির্বাচনি প্রচারে যান শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য। এলাকাটি মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদর একাংশ) আসনের মধ্যে পড়েছে। ওই আসনের নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপের পক্ষে নৌকায় ভোট চাইতে গিয়ে আসিবুর রহমান খান ওই বক্তব্য দেন।