আশুলিয়ায় স্বামী ও স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার রাতে আশুলিয়ার ধলপুর এলাকার একটি ভাড়া বাড়িতে স্বামী মৃদুল মিয়া (২৫) ও স্ত্রী মারুফা আক্তার মুন্নি (২২) বিষপান করেন। ৪ মাস আগে তাদের বিয়ে হয়েছিল বলে জানা গেছে।
পুলিশ জানায়, রোববার রাতে আশুলিয়ার ধলপুর শিকদারপাড়া এলাকার একটি ভাড়া বাড়ির সামনে স্বামী-স্ত্রী বিষপান করে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকেই মৃত ঘোষণা করেন।স্বামী মৃদুল মিয়া জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার সুনিপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং ধলপুর এলাকায় বাবা-মা ও স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্ত্রী মারুফা আক্তার মুন্নী দিনাজপুর জেলার বিরামপুর থানার আরদি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি শ্বশুর-শাশুড়ি ও স্বামীকে নিয়ে একত্রে ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, স্বামী ও স্ত্রী আত্মহত্যার জন্য বিষপান করে বাসার সামনে পড়ে ডাকচিৎকার করছিলেন। এ সময় তাদের উদ্ধার করে স্ত্রী মুন্নিকে চিকিৎসার জন্য আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ও স্বামীকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে সাভার থানা পুলিশ এনাম মেডিকেল কলেজ থেকে স্বামী মৃদুলের ও আশুলিয়া থানা পুলিশ স্ত্রী মারুফা আক্তার মুন্নির লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। কী কারণে তারা আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তবে আত্মহত্যার কারণ বের করতে পুলিশি তদন্ত চলছে।
মারুফার মা জানান, মৃদুল ও মারুফার চার মাস পূর্বে বিয়ে হয়। তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। কী কারণে তারা আত্মহত্যা করেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না। কারো ওপর তাদের কোনো অভিযোগ নেই।