অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ : নিহত ৭ জনের বাড়ি আলফাডাঙ্গা


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। তবে নিহত সাতজনই জেলার আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে তিনজন পুরুষ, দুজন নারী, দুজন শিশু রয়েছেন।

শনিবার (২৪ জুন) উদ্ধারকাজে অংশ নেওয়া মো. রকমত উল্লাহ (৫২) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে একই দিন দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল।

রকমত উল্লাহ জানান, শনিবার দুপুরে সাতজন নিহত হওয়ার সংবাদ শুনে আমরা গিয়ে দেখি জ্বলন্ত অ্যাম্বুলেন্সের আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নেভার পর আমরা মরদেহগুলো উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সাতটি মরদেহ পুড়ে গেছে। গায়ের মাংস পুড়ে লাল হয়ে গেছে।

তিনি আরও জানান, অ্যাম্বুলেন্সের চালক ফরিদপুর শহরের বাসিন্দা মৃদুল মালো (২৮)। তিনি শুক্রবার (২৩ জুন) এক রোগীকে নিয়ে ঢাকার কদমতলী এলাকায় গিয়েছিল। শনিবার আসার পথে ফরিদপুরের বোয়ালমারীর এক পরিবারের সাতজন সদস্যকে নিয়ে ঢাকা থেকে রওনা হয়েছিল। ওই পরিবারের সদস্যরা ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসক দেখিয়ে আলফাডাঙ্গাতে ফিরছিল।

ফরিদপুর হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, শনিবার দুপুরে অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে আসার পথে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের ওপরে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এ সময় এ ঘটনা ঘটে।


Copyright (c) 2019-2026 bzamin24.com