টিকটক করতে গিয়ে বজ্রপাতে পরিচ্ছন্নকর্মী আহত


শরীয়তপুরে ছাদে টিকটক করতে গিয়ে বজ্রপাতে মেঘলা আক্তার নামে এক পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেঘলা আক্তার শরীয়তপুর ইসলামি চক্ষু হাসপাতালের পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মেঘলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় শরীয়তপুর ইসলামি চক্ষু হাসপাতালের একজন পরিচ্ছন্নকর্মী। মঙ্গলবার দুপুরে বৃষ্টি শুরু হলে মেঘলা ভবনের ছাদে টিকটক করছিলেন। এ সময় তিনি বজ্রপাতের আঘাতে ছাদে লুটিয়ে পড়েন। এরপর ভবনে থাকা লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।

শরীয়তপুর ইসলামি চক্ষু হাসপাতালের মালিক মিজানুর রহমান বলেন, আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন।


Copyright (c) 2019-2026 bzamin24.com