একই শাড়িতে ঝুলছিল স্বামী-স্ত্রী 


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (১০ জুন) আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টায় ওই ইউনিয়নের আলাদীপুর গ্রামে নিজঘর থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সোহেল রানা (৪২) ও তার স্ত্রী একই গ্রামের মৃত কায়সার মণ্ডলের মেয়ে পারুল বিবি (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী আয়েশা সিদ্দিকা তাদের বাড়িতে গাভীর দুধ দিতে গিয়ে ডাকাডাকি করেন। এতে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় দেখতে পান স্বামী-স্ত্রী একই শাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহগুলো নামিয়ে থানা পুলিশে খবর দেয়।

প্রতিবেশী আয়েশা সিদ্দিকা বলেন, আমি প্রতিদিনের মতো গাভীর দুধ তাদের বাড়িতে দিতে যাই। পরে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করি। এ সময় তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

আরেক প্রতিবেশী সাইদুল ইসলাম বলেন, তাদের গত ৫ থেকে ৬ মাস পূর্বে প্রেমের সম্পর্কের মাধ্যমে দ্বিতীয় বিয়ে হয়। দুজনেরই আগের পক্ষের স্ত্রী ও স্বামী রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, তাদের আত্মহত্যার বিষয়টি খুবই আকস্মিক। তারা কি কারণে আত্মহত্যা করেছে তা জানা নেই।

গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, পারিবারিক কলহের কারণে তারা একই শাড়িতে ঝুলে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক জানান, শনিবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com