ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামে সেতু নির্মাণ কাজের মাটি ধ্বসে ৩ নির্মাণ শ্রমিক নিহত ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টায় দিকে আমিরাবাদ কারিরহাট সড়কের পাশে সেতু পূর্ণনির্মাণ কাজে মাটি খনন কাজ চলছিল। এলজিইডির প্রায় পৌনে ৫ কোটি টাকা ব্যায়ে ইমতিয়াজ আসিফ কন্সট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করছিল। শ্রমিকরা ওই সময় নিচের অংশের পাইলিং এর কাজ করছিল। হঠাৎ পূর্ব পাশের মাটি তাদের উপরে ধ্বসে পড়ে।
নিহত ব্যক্তিরা হলেন, ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার অন্তর (২৮), কৈজুরী এলাকার জুলহাস (২৭) ও বাগেরহাটের মোল্লারহাটের মো. জাবেদ (২৯)।
খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত তিন জনের লাশ ও আহত একজনকে উদ্ধার করে। আহত নজরুল কে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
সদরপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, বেশ কিছু দিন আগে সেতুর পাইলিং করা হয়। সেখানে মাটির স্তূপ করা ছিল। বুধবার বেলা সাড়ে ১১টায় সেই মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক। বিস্তারিত পরে জানানো হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সদরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(বাংলাদেশ জমিন) - সংবাদটি শেয়ার করুন