রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের ছেলে ও ভাতিজার মৃত্যু


রাজবাড়ীতে বালি ভর্তি ড্রাম ট্রাক চাপায় মোটর সাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়েছে। নিগত চালক শেখ মোঃ মাহফুজুর রহমান সিফাত( ১৭) ও আরোহী সাকিব (১১)। সিফাত ও সাকিব সম্পর্কে আপন চাচাতো ভাই। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিফাত চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রবের ছেলে ও সাকিব চন্দনী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধাওয়াপাড়া গ্রামের লোকমান শেখের ছেলে। নিহত সিফাত রাজবাড়ী সরকারী কলেজে মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণি ও সাকিব ধাওয়াপাড়া এলাকার চরপদ্মা সরকরি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

চন্দনী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন সরদার জানান, বাদ মাগরিব জানাযার নামাজ শেষে তাদের কে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক চালক সহ ট্রাকটি আটক করেছে। স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম পক্রিয়াধীন।


Copyright (c) 2019-2026 bzamin24.com