পদ্মায় ডুবে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা, স্ত্রীর মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে মানজুরি তানভীর নিশি (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সালাহউদ্দিন কাদের রূপন (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বালিগ্রামে এ ঘটনা ঘটে।

তারা ক্রিকেটার সানজামুল হকের বোন-দুলাভাই বলে জানা গেছে।

সালাহউদ্দিন উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন, তার স্ত্রী মানজুরি তানভীর নিশি গৃহিণী।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী সদর স্টেশনের সাব-অফিসার নমির উদ্দিন জানান, শুক্রবার এই দম্পতিসহ শ্রীমন্তপুর মহল্লার ১৫-২০ জন নৌকায় বালুগ্রাম চরে পিকনিক করতে যান। পিকনিকে রান্নার পর কয়েকজন পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় সালাহউদ্দিন ও তার স্ত্রী মানজুরিসহ তিনজন ডুবে যান। পরে সঙ্গে থাকা লোকজন মানজুরিসহ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মানজুরির মৃত্যু হয়।

খবর পেয়ে রাজশাহী সদর স্টেশনের একটি ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার অভিযান চালায়। তবে বিকেল ৫টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।


Copyright (c) 2019-2026 bzamin24.com