বিদ্যুৎস্পৃষ্টে মা, ছেলে ও নাতি নিহত


কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। উপজেলার বাঙ্গরা বাজার থানার এলখাল গ্রামে শনিবার (২০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা হোসনেয়া বেগম (৬০), ছেলে তারা মিয়া (৩০) ও নাতি রিফাত হোসেন (৮)।

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ এবং স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের তারা মিয়ার ভাগিনা রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের ওপর পড়ে।

চিৎকার শুনে নানী হোসনেয়া রিফাতকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মা এবং ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com