নারী চিকিৎসকের আত্মহত্যা


গাজীপুরের টঙ্গীতে জান্নাতুল ফেরদৌস বন্যা (৩০) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

জান্নাতুল ফেরদৌস বন্যা টঙ্গীর চেরাগআলী এলাকার মৃত আব্দুল জব্বার মোল্লার মেয়ে। স্বামী সবুজের সঙ্গে মাছিমপুর এলাকায় থাকতেন। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বন্যা একটি পোশাক কারখানায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। কয়েক মাস ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামীর সঙ্গে তার কলহ চলছিল।

মঙ্গলবার সন্ধ্যায় ফের স্বামীর সঙ্গে কলহে জড়ায় বন্যা। এর জের ধরে নিজ ঘরের সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই চিকিৎসক। পরে তার স্বামী তাকে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com