কুমিল্লার দেবীদ্বারে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। মৃত শিশুরা হচ্ছে ওই গ্রামের কামরুজ্জামান মিয়ার মেয়ে তানহা আক্তার (৯) ও একই বাড়ির মাইন উদ্দিন মিয়ার মেয়ে মাহিয়া আক্তার (৭)।
পরিবারের বরাত দিয়ে ওসি আরিফুর রহমান বলেন, বুধবার দুপুর ১২টার দিকে ওই দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজেও তাদের সন্ধান পায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে দুজনই পুকুরের পানিতে ভেসে ওঠে। এ সময় পরিবার ও বাড়ির লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এদিকে চাঁদপুরের হাজীগঞ্জের ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নের মাকুন্দসায় আজ দুপুরে পুকুর থেকে সাইমুন (৭) ও তামিম (৫) নামের দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুই ভাই পাটোয়ারীবাড়ির সাইফুল ইসলাম পাটোয়ারীর সন্তান।
স্থানীয় আলমগীর কবির জানান, সাইমুন আর তামিম দুই ভাই। তারা সব সময় একত্রে খেলাধুলা করত, চলাফেরা করত। হঠাৎ করে দুপুরের পর থেকে দুজনই নিখোঁজ হয়। তাদের খোঁজাখুঁজি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা পর নিজেদের বাড়ির পুকুরে ভেসে ওঠে সাইমুন আর তামিম। পুকুর থেকে উদ্ধার করে দুজনকে পাশের মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী বলেন, সাইফুল ইসলামের দুই সন্তানের মধ্যে দুজনই একত্রে মারা গেল।