চাঁদপুরের মতলব দক্ষিণে স্বর্ণ ব্যবসায়ী অমর সরকার হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ৪০ ভরি স্বর্ণ এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারাল অস্ত্র জব্দ করা হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত অমর সরকারের দোকানের কর্মচারী জয় বিশ্বাস প্রকাশ অনিক (২২) ও তার সহযোগী হৃদয় সূত্রধর (২২) নামে দুইজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ১১টায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
পুলিশ সুপার জানান, অনিক এবং হৃদয় তারা দুজনেই দোকানের কর্মচারী। এর মধ্যে হৃদয় গত একবছর আগে কাজ করেছিল। তারা আইপিএল বিপিএলসহ বিভিন্ন খেলায় বাজি ধরত। এতে তারা প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মতো দেনা হয়ে গেছে। এই ঋণ পরিশোধ করার জন্য তারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। তারা দুজনেই জানত তাদের দোকানের মালিক রাতের বেলায় বিভিন্ন স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা নিয়ে বাসায় ফিরে; যা বিক্রি করে কয়েক লাখ টাকা পাওয়া যেতে পারে। তারপর থেকেই তারা গত একমাস আগে থেকে পরিকল্পনা করে এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়ের অপেক্ষায় থাকে।
তিনি জানান, সেদিন ভিকটিম অমর সরকার দোকান বন্ধ করে তার আত্মীয়ের বাসায় যায় এবং ওই বাসা থেকে ফিরতে একটু বেশি রাত হয়ে যায়। সেজন্যই রাতে রাস্তায় লোকজন থাকবে বলে
তারা ওই দিনটিকে বেছে নেয়। বাসায় ফেরার পথে তারা একত্রিত হয়ে প্রথমেই হৃদয় অমর সরকারের গলায় আঘাত করে এবং পরবর্তীতে দু'জনেই মিলে তার মৃত্যু নিশ্চিত করে।
এর আগে গত সোমবার দিবাগত রাতে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় স্বর্ণ ব্যবসায়ী অমর ভক্ত সরকারের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তার সঙ্গে থাকা কর্মচারী জয় বিশ্বাস প্রকাশ অনিক (২২)কে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদ এর এক পর্যায়ে অনিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দেয়। পরে তার স্বীকারোক্তি অনুসারে সহযোগী হৃদয় সূত্রধরকে আটক করে পুলিশ।
আটককৃত আসামি অনিক মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার তব্রিয়া গ্রামের অর্জুন বিশ্বাসের ছেলে এবং অপর আসামি হৃদয় সূত্রধর মতলব দক্ষিণ উপজেলার সারপাড় গ্রামের গোপাল সূত্রধরের ছেলে। আটককৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ৪০ ভরি লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ ১৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও আসামিদের স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারোলো ছুরি, রক্তমাখা হ্যান্ডস্লাভস, ভিকটিমের স্বর্ণালংকার রাখার কাপড়ের হ্যান্ডব্যাগ ২টি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য মৃত অমর সরকার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর দাস বাড়ির রবি ভক্ত সরকারের ছেলে। প্রায় ১৫ বছর যাবত তিনি নারায়ণপুর বাজারে মাধবী শিল্পালয় নামে দোকানে স্বর্ণ ব্যবসা করে আসছেন।