ভুট্টাখেতে দুই বৃদ্ধের লাশ


চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় ভুট্টাখেত থেকে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রামনগর-পরানপুর সড়কের পাশে ঘড়াভাঙ্গা মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন, দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের গোলাম জোয়ার্দারের ছেলে হাফিজুর রহমান জোয়ার্দার ও দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া গ্রামের মৃত ইদ্রীস আলীর ছেলে শওকত আলী।

জানা গেছে, আজ সোমবার দুপুরে দর্শনা রামনগর মাঠে ভুট্টাখেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে সানিউল ইসলামের ভুট্টাখেত থেকে শওকত আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি সড়াবাড়িয়া গ্রামের। অন্যদিকে পরানপুর মাঠের জলিল কেমিস্টের ভুট্টাখেতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে পরানপুর গ্রামের হাফিজুর রহমান জোয়ার্দার বলে শনাক্ত করেন স্থানীয়রা।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, শওকত আলীর মরদেহের পাশ থেকে কীটনাশকের বোতল পাওয়া গেছে। তিনি গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। হাফিজুর রহমান জোয়ার্দার ভুট্টাখেতে মুখ থুবড়ে পড়ে ছিলেন। তিনি গতকাল থেকে নিখোঁজ ছিলেন। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। মরদেহ উদ্ধারের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।


Copyright (c) 2019-2026 bzamin24.com