ব্যবসায়ী হাসান হত্যাকারীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচী 


ব্যবসায়ী হাসান আলী হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ এর আয়োজনে গাইবান্ধা পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হয়। অবস্থান কর্মসূচী শেষে আমিনুল ইসলাম গোলাপের নেতৃত্বে আইজিপি বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। অবস্থান কর্মসূচীতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শ্রমিক, ছাত্র, যুব, নারী ও ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান শেষে আগামী ৭ জুনের মধ্যে যদি ৪ দফা দাবি বাস্তবায়িত না হলে ১০ জুন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের কর্মসূচী পালনের আল্টিমেটাম ঘোষণা করা হয়। হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ এর উদ্যোগে সন্বয়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন ওয়াজিউর রহমান রাফেল, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, মিহির ঘোষ, জাহাঙ্গীর কবির তনু, জিয়াউল হক জনি, গোলাম মারুফ মনা, কাজী আবু রাহেন শফিউল্লাহ, মঞ্জুর রহমান মিঠু, নিলুফার ইয়াসমিন শিল্পী, অধ্যাপিকা রোকেয়া খাতুন, প্রমুখ।

৪ দফা দাবিগুলো হচ্ছে- অবিলম্বে হাসান হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার, সদর থানার ওসিকে অপসারণসহ অভিযুক্ত ওসি (তদন্ত) ও অপর এএসআইকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা, হাসান হত্যার সুষ্ঠু বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং গাইবান্ধা জেলায় অবৈধ দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ। প্রসঙ্গত উল্লেখ্য যে, গাইবান্ধা জেলা শহরের খানকা শরীফ সংলগ্ন নারায়নপুর এলাকার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কুখ্যাত দাদন ব্যবসায়ী মাসুদ রানার বাড়ী থেকে গত ১০ এপ্রিল ব্যবসায়ী হাসান আলীর (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান আলী শহরের থানাপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে এবং আফজাল সুজ গাইবান্ধা শাখার সাবেক মালিক।


Copyright (c) 2019-2026 bzamin24.com