কেরানীগঞ্জে বিভিন্ন বাজারে মা-ইলিশের প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
আজ বুধবার(১৪ অক্টোবর) সকালে জিনজিরা বাজার, বউ বাজারসহ কেরানীগঞ্জের বিভিন্ন বাজারে মডেল থানায় পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (দক্ষিণ) সানজিদা পারভীন তিন্নি। এসময় বাজারগুলোতে ঘুরে কাউকে মা ইলিশ মজুদ ও বিক্রি করেতে দেখা যায়নি এবং অবৈধ জাল পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি।ফলে কাউকে জরিমানা বা মামলা দেওয়া হয়নি। এসময় বাজার কমিটিগুলোর সেক্রেটারি এবং সদস্যদের উপস্থিতিতে ক্রেতা ও বিক্রেতাদের মা ইলিশ সংরক্ষণে ৪ নভেম্বর পর্যন্ত মাছ ধরা, পরিবহন,মজুদ,বাজারজাতকরণ,কেনা বেচা নিষিদ্ধ সম্পর্কে মৌখিক সতর্ক করে দিয়েছেন।
উল্লেখ্য ১৯৮৫ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ বিধি (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিশ রুলস, ১৯৮৫) অনুযায়ী নিষিদ্ধের এ সময় নির্ধারণ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি দ্বিগুণ হবে।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নি জানান,নিষেধাজ্ঞাকালীন সময়ে কারও কাছে একটি ইলিশ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মা ইলিশ রক্ষা অভিযান চলমান থাকবে। আসুন সবাই জাতীয় মাছ ইলিশ সংরক্ষণ অভিযান সফল করি ও আইন মেনে চলি।