বেলকুচিতে নবম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ দেয়ার চেষ্টা, বন্ধ করলেন- ইউএনও 


সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনও সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের বড়সগুনা গ্রামে বাল্যবিবাহের আয়োজন থেমে নেই। ঠিক তেমনি একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন, বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

তিনি নবম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।বৃহস্পতিবার রাতে বড়সগুনা গ্রামে কনের নানা বাড়ীতে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হন। তখন কনের নানার বাড়ীতে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘববাড়ীয়া গ্রামের নবম শ্রেণীর ছাত্রী (১৫) এর সাথে বেলকুচি উপজেলার বড়সগুনা গ্রামের রেলওয়ে কর্মী (২৫) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের নানাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। কনের মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ইউ.পি সদস্য মোঃ রানা,পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।


Copyright (c) 2019-2026 bzamin24.com