সিরাজগঞ্জে আইন অমান্য করায় ৫টি নৌকাকে অর্থদন্ড  


সারাদেশে নদীগুলোতে অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে দেশের বিভিন্ন জায়গায় নৌকাডুবি হচ্ছে এবং এর ফলে অনেকেই নিখোঁজ হয়েছেন এবং মৃতের সংখ্যাও উল্লেখযোগ্য। গতকালও দেশের বিভিন্ন জায়গায় নৌকাডুবিতে অন্তত ২০ জনের অধিক লোকের লাশ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ হয়েছে অনেকে।

এমতাবস্থায় নৌকা ভাড়া করে পিকনিক করা করোনাকালীন নির্দেশনার যেমন লংঘন তেমনি নদীর বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণও বটে।

আজ সিরাজগঞ্জ সদর উপজেলার রাসেল পার্ক সংলগ্ন যমুনা নদীর তীরে এরকম ০৫ টি নৌকাকে আটক করা হয়।

নৌ পুলিশ এবং সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় যাত্রীদেরকে তীরে নামিয়ে তাদেরকে সচেতন করা হয় এবং করোনা ও বন্যার এসময়ে পিকনিকের উদ্দেশ্যে নৌকাতে যেন যাত্রী না নেয়া হয় এজন্য নৌকার মাঝিদেরকে সতর্ক করা হয়।

এ সময় সরকারি নির্দেশনা না মানায় দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ০৫টি নৌকার মাঝিকে সর্বমোট ১০,০০০/- টাকা অর্থদন্ড দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।


Copyright (c) 2019-2026 bzamin24.com