নারায়ণগঞ্জ জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আইএসপিআর-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। তবে জরুরি পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতাবর্হির্ভূত থাকবে। অসামরিক প্রশাসন, সশস্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে।
গত কয়েকদিনে নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আইইডিসিআর জেলাটিকে ক্লাস্টার (করোনা সংক্রমণ প্রবণ ও ঝুকিপূর্ণ এলাকা) ঘোষণা করেছে। মঙ্গলবার পর্যন্ত নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ বলে জানা গেছে। নারায়ণগঞ্জের মেয়রসহ স্থানীয় জনপ্রতিনিধিরা আগে থেকেই লকডাউন ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন।