রাজবাড়ীতে করোনা ভাইরাস নিয়ে বাকবিতণ্ডায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে লাভলু মোল্লা (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ভাই বাবলু মোল্লা।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাবলু সদর উপজেলার ভবদিয়া গ্রামের মৃত ওয়াকিল উদ্দির ছেলে।
আহতরা হলেন- একই এলাকার মোনসের আলীর ছেলে খালেক ও লাবলুর ভাই বাবলু মোল্লা। তারা রাজবাড়ী সদর হাসপাতাল চিকিৎসাধীন।
রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ফজলুল করিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভবদিয়া গ্রামের লাভলু মোল্লা ও খালেকের মধ্যে করোনা ভাইরাস নিয়ে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়।
এনিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে খালেক, লাভলু মোল্লা ও তার ভাই গুরুতর আহত হলে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দায়িত্বরত চিকিৎসক লাভলুকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দুজন সেখানে চিকিৎসাধীন।