আজ শেষ হচ্ছে এসডিসি উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

  • নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ০১:১২:০০
  • কপি লিঙ্ক

স্থানীয় নিরাপদ পোল্ট্রি ও সবজি উদ্যোক্তাদের ব্র্যান্ডিং এবং এগিয়ে নেওয়ার লক্ষ্যে ফরিদপুর শহরতলীর অম্বিকা ময়দানে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ‘এসডিসি উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫’ আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাতে শেষ হচ্ছে। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে মেলার উদ্বোধন করা হয়।

নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহ প্রদান এবং স্থানীয় উদ্যোক্তাদের বাজার সংযোগ জোরদার করাই ছিল এ মেলার মূল উদ্দেশ্য।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় মেলার আয়োজন করে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।

এসডিসির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান-এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাসান-বিন-মুহাম্মাদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহাদুজ্জামান, ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম আসজাদ, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাঈদ আনোয়ার এবং পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক দিলীপ কুমার চক্রবর্তী।

এছাড়াও মেলা চলাকালীন সময়ে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম, ম্যানেজার (প্রোগ্রাম) ও নিউট্রিশন স্পেশালিস্ট কপিল কুমার পাল, এবং সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট (হর্টিকালচার) মোঃ রাফিজুল ইসলাম মন্ডল।

মেলায় মোট ৩৪টি স্টল স্থান পায়। এসব স্টলে পোল্ট্রি ও গৃহপালিত হাঁস-মুরগি, ভার্মিকম্পোস্ট ও জৈব সার, বিষমুক্ত শাকসবজি, কুটির শিল্প এবং ফাস্টফুডসহ বিভিন্ন উদ্যোক্তার পণ্য প্রদর্শন করা হয়। মেলার অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় পাইকার ও বাজার প্রতিনিধিদের সঙ্গে উদ্যোক্তাদের সরাসরি ক্রেতা-বিক্রেতা সংযোগ সৃষ্টি।

মেলায় অংশ নেওয়া এক পোল্ট্রি উদ্যোক্তা বলেন, “নিরাপদ পদ্ধতিতে উৎপাদন করা আমাদের পণ্যের জন্য এই মেলা বড় সুযোগ তৈরি করেছে। সরাসরি ক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের চাহিদা বুঝতে পারছি। এতে পণ্যের ব্র্যান্ডিং ও ন্যায্য মূল্য পেতে আমরা উপকৃত হচ্ছি।”

মেলা চলাকালীন প্রতিদিনই ব্যাপক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল ও দুপুরে তুলনামূলক কম উপস্থিতি থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই হাজারো মানুষের ভিড়ে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

ফরিদপুর শহর থেকে আগত এক দর্শনার্থী বলেন, “পরিবার নিয়ে এসে বিষমুক্ত সবজি ও দেশি মুরগি দেখেছি। পণ্যের মান খুব ভালো মনে হয়েছে। সবচেয়ে বড় বিষয়, সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কেনার সুযোগ পেয়েছি। এমন উদ্যোগের মাধ্যমে আমরা স্বাস্থ্যকর খাবার পাচ্ছি। প্রতি বছরই এমন উন্নয়নমূলক মেলা আয়োজন করা উচিত।”

দর্শনার্থীরা আয়োজক কমিটিকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের উদ্যোক্তা উন্নয়নমূলক মেলা আয়োজনের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য