নওগাঁ শহরের কাঁঠালতলী এলাকায় অগ্নিকাণ্ডে বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় নওগাঁর তিনটি উপজেলায় নেসকো ও পল্লী বিদ্যুতের প্রায় ২ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
মঙ্গলবার (৩ জুন) ভোর ৪টার দিকে কাঁঠালতলী বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ আসেনি।
বিদ্যুৎ না থাকায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) আওতাধীন নওগাঁ পৌরসভা ও বগুড়ার সান্তাহার পৌরসভার পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে হয়ে পড়েছে। অন্যদিকে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন নওগাঁ সদর উপজেলার পুরো এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এ ছাড়া পল্লী বিদ্যুতের আওতাধীন মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন রয়েছে।
নওগাঁ নেসকো উত্তরের নির্বাহী প্রকৌশলী তানজিমুল ইসলাম বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে ভোর ৪টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুৎ সরবরাহ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বাসবারের যন্ত্রাংশ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ায়। প্রায় আধা ঘণ্টা পর নওগাঁ ফায়ার সার্ভিসের একটি দল চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে বিদ্যুৎকেন্দ্রের বেশ কিছু যন্ত্রাংশ ও পাওয়ার কেবল পুড়ে গেছে।
এতে নওগাঁ ও সান্তাহার পৌরসভার প্রায় ১ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে নওগাঁ ও রাজশাহী অঞ্চলের নেসকো ও পল্লী বিদ্যুতের কয়েকটি দল কাজ করছে। একটু সময় লাগবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করবো।
এদিকে বিদ্যুৎ না থাকায় নওগাঁ জেনারেল হাসপাতাল ও বিদ্যুৎহীন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। ব্যাহত হচ্ছে হাসপাতালের জরুরি সেবা।
দুপুর সাড়ে ১২টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন গোলাম রাব্বানীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘আমার মাকে উচ্চরক্তচাপের সমস্যায় গত সোমবার সকালে হাসপাতালে ভর্তি করেছি। আজ ভোর ৪টার দিকে বিদ্যুৎ চলে গেছে। ৮ ঘণ্টার পার হয়ে গেলেও বিদ্যুৎ আর আসেনি। হাসপাতালের জেনারেটর থাকলেও আধাঘণ্টা, এক ঘণ্টা চালানোর পর বন্ধ করে দিচ্ছে। জেনারেটর বন্ধ করে দিলে গরমে রোগীর চরম কষ্ট হচ্ছে। অন্তত রোগীদের কথা চিন্তা করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা দরকার।
পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-১-এর মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, অগ্নিকাণ্ডের কারণে পিডিবির বিদ্যুৎ উপকেন্দ্রের যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় পল্লী বিদ্যুতের তিনটি সাব-সেন্টার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এতে নওগাঁ সদর, মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বেশ কিছু এলাকার প্রায় দেড় লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।






মন্তব্য